দিনাজপুরের চিরিরবন্দরে ৭ মাদকসেবির বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। চিরিরবন্দর থানা থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত ৭ জুন রবিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে একটি মাদক বিরোধী অভিযানের সময় স্থানীয় এলাকাবাসির সহযোগিতায় উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের কারেন্টহাটে মাদক সেবনরত অবস্থায় ইসবপুর ইউনিয়নের বিন্নাকুড়ির রহিম উদ্দিনের ছেলে মাহেদুল ইসলাম (২৫), একই এলাকার বিমল চন্দ্রের ছেলে প্রশান্ত চন্দ্র (৩২), আউলিয়াপুকুর ইউনিয়নের ছোটবাউল এলাকার জয়নাল আবেদীনের ছেলে সাজ্জাদ আলী (৩৪), একই এলাকার জ্যোতিশ চন্দ্রের ছেলে শিমুল চন্দ্র ( ২৫) ও কালিপদ রায়ের ছেলেকে থানার এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ আটক করে। এসময় তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেহা তুজ জোহরা ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেকে ৬ মাস করে কারাদন্ড ও ৫ শত করে টাকা জরিমানা করেন। অপরদিকে একই রাত ১০ টার দিকে উপজেলার সাব রেজিষ্ট্রি অফিসের সামনে মাদক সেবনরত অবস্থায় প্রাণিসম্পদ অফিস সংলগ্ন দুলাল হোসেনের ছেলে রাফিউল (২৫) ও মত্তমন্ডল এলাকার রশিদুল ইসলামের ছেলে আকতারুজ্জামানকে (২২) আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে ৩ মাসের কারাদন্ড ও ১ শত টাকা করে জরিমানা প্রদান করা হয়। থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক বন্ধে এলাকাবাসিকে এগিয়ে আসার অনুরোধ জানান।