নতুন রাস্তা নির্মাণের জন্য আশপাশের ফসলি জমি থেকে মাটি উত্তোলন করা হয়েছে। এর ফলে সৃষ্টি হয় বেশ কিছু বড় গর্তের। সেই গর্তে জমে থাকা পানিতে ডুবে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে অপর এক শিশু শিক্ষার্থী। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার পাগলা থানার কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রী কলেজের পিছনের নতুন রাস্তা সংলগ্ন এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়া শিশুটি হলো স্বল্প বুনিয়া গ্রামের নয়ন মিয়ার ছেলে সুমন (৮)। সে কান্দিপাড়া নিউ মডেল একাডেমি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। এবং আহত শিশুটি কান্দিপাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে আরিয়ান (৯)। সে কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এই তথ্য নিশ্চিত করেছেন পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসি। শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। অপর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নতুন রাস্তা নির্মাণের জন্য গ্রামের আশপাশের ফসলি জমি থেকে মাটি উত্তোলন করার কারণে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। পানি জমে সেটি ডোবায় পরিণত হয়। এর পাশে খেলছিল সুমন, আরিয়ানসহ অন্য শিশুরা। খেলার একপর্যায়ে দু'জন পানিতে পড়ে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অন্য শিশুরা হৈ চৈ শুরু করে। তখন আশপাশের লোকজন সহ পরিবারের সদস্যরা এসে গর্তের পানিতে তল্লাশি করে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। এরপর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু সুমনকে মৃত ঘোষণা করেন। পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, গর্তে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।