হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে। এবার জানা গেল, সিনেমাটি যুক্তরাষ্ট্রে ‘আর’ রেটিং পেয়েছে। ফলে নির্দিষ্ট বয়সের নিচের দর্শকদের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে হলে অভিভাবকের উপস্থিতি প্রয়োজন হবে। মার্কিন চলচ্চিত্র রেটিং কর্তৃপক্ষ মোশন পিকচার অ্যাসোসিয়েশন সম্প্রতি সিনেমাটিকে ‘আর’ রেটিং দিয়েছে। তবে ঠিক কোন কারণে এই রেটিং দেওয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, যুদ্ধের সহিংসতা, রক্তাক্ত সংঘর্ষ এবং কিছু পরিণত বিষয়বস্তুর কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত বড় বাজেটের গ্রীষ্মকালীন ব্লকবাস্টার সিনেমাগুলো বেশি দর্শকের কাছে পৌঁছাতে পিজি-১৩ বা পিজি রেটিং পাওয়ার চেষ্টা করে। তবে নোলানের সর্বশেষ সিনেমা ‘ওপেনহেইমার’ও ‘আর’ রেটিং পেয়েছিল। তা সত্ত্বেও ছবিটি বিশ্বব্যাপী প্রায় ১ বিলিয়ন ডলার আয় করে বক্স অফিসে রেকর্ড গড়েছিল। ইউনিভার্সাল পিকচার্সের পরিবেশনায় আগামী ১৭ জুলাই মুক্তি পাবে ‘দ্য ওডিসি’। গ্রিক কবি হোমারের বিখ্যাত মহাকাব্যের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমার বাজেট প্রায় ২৫০ মিলিয়ন ডলার বলে জানা গেছে। ফলে এটি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ‘আর’ রেটেড সিনেমাগুলোর একটি হতে যাচ্ছে। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ম্যাট ড্যামন। এছাড়া রয়েছেন টম হল্যান্ড, জেনদায়া, রবার্ট প্যাটিনসন, অ্যানি হ্যাথওয়ে। এরই মধ্যে সিনেমাটির আইম্যাক্স ৭০ মিলিমিটার প্রদর্শনীর টিকিট বিক্রি শুরু হয়েছে। আগ্রহী দর্শকদের ব্যাপক চাহিদায় বেশ কয়েকটি প্রদর্শনীর টিকিট দ্রুত শেষ হয়ে গেছে বলে জানা গেছে। বিশ্লেষকদের ধারণা, ‘ওপেনহাইমার’-এর সাফল্যের পর নোলানের নতুন সিনেমা নিয়েও দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া।