বিসিবি পরিচালক পরিচয়টা ২৪ ঘণ্টাও রাখলেন না মীর শাকরুল, করলেন পদত্যাগ

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ৮ জুন, ২০২৬, ০৮:১১ পিএম | প্রকাশ: ৮ জুন, ২০২৬, ০৮:১১ পিএম
বিসিবি পরিচালক পরিচয়টা ২৪ ঘণ্টাও রাখলেন না মীর শাকরুল, করলেন পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পরিচয়টা নিজের সঙ্গে ২৪ ঘণ্টাও রাখলেন না মীর শাকরুল আলম সীমান্ত। রাজশাহী বিভাগ থেকে কাউন্সিলর হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হয়েছিলেন তিনি। কিন্তু আজ সোমবার দুপুরে নিজের পদত্যাগপত্র বিসিবিকে পাঠিয়েছেন শাকরুল আলম। 

পদত্যাগপত্রে সীমান্ত বলেছেন, বিসিবি নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। তবে তার পিতা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় বর্তমানে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব তার ওপর ন্যস্ত রয়েছে। এ কারণে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না।

আরও উল্লেখ করেন, দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একইসঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানিয়েছেন।

প্রতিযোগি না থাকায় শাকরুল আলমকে নির্বাচনও করতে হয়নি। বিসিবি নির্বাচনে এবার সরকারী দল সংশ্লিষ্ট যে কজন পরিচালক আছে, তাদেরই একজন ছিলেন তিনি। বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের ছেলে মীর শাকরুল আলম সীমান্ত। ক্যাটাগরি-১ বা জেলা-বিভাগের প্রতিনিধি হিসেবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। 

তবে বিসিবির নির্বাচনের আগের থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। চারিদিকে সেই খবর ছড়িয়ে পড়ে। গঠনতন্ত্র অনুযায়ী নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা করতে হয়। সেই প্রক্রিয়া অনুসরণ করে শাকরুল আমল আজ দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চিঠি দিয়েছেন। নতুন বোর্ড সভাপতি তামিম ইকবাল বরাবর এই চিঠি দেওয়া হয়েছে। বোর্ডের দপ্তর চিঠি গ্রহণ করেছে। 

উল্লেখ্য, রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হন মীর সীমান্ত। তবে নির্বাচনের আগেই পরিচালক পদে দায়িত্ব পালন না করার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। নির্বাচিত হওয়ার একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলেন তিনি।