রাজিবপুরে সেচ পাম্পের প্যানেল চুরি, ক্ষতিগ্রস্ত কৃষক

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১০ জুন, ২০২৬, ০২:২৮ পিএম
রাজিবপুরে সেচ পাম্পের প্যানেল চুরি, ক্ষতিগ্রস্ত কৃষক

মঙ্গলবার  রাতে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী গ্রামে একটি সোলারচালিত সেচ পাম্পের দুটি সোলার প্যানেল চুরি করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও একটি প্যানেল ভেঙে ফেলে রেখে যায় সংঘবদ্ধ চক্রের দল।  এতে প্রায় ৭০ হাজার টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক মো. সাইদুল ইসলাম। জানা গেছে, কৃষক মো. সাইদুল ইসলামের মালিকানাধীন সোলার সেচ পাম্পটিতে মোট ছয়টি ৫৮০ ওয়াটের সোলার প্যানেল ছিল। 

এর মধ্যে দুটি প্যানেল চুরি হয়ে গেছে এবং একটি সম্পূর্ণ ভেঙে ফেলে রেখে গেছে চোরেরা। ঘটনার পর থেকে সেচ পাম্পটি বন্ধ রয়েছে। এতে শুধু সাইদুল ইসলামই নন, পাম্পটির আওতায় থাকা বেশ কয়েকজন কৃষকও বিপাকে পড়েছেন। চলতি মৌসুমে ফসলের জমিতে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় তারা ক্ষতির আশঙ্কা করছেন। ক্ষতিগ্রস্ত কৃষক মো. সাইদুল ইসলাম বলেন, “রাতের কোনো এক সময় চোরেরা দুটি প্যানেল খুলে নিয়ে গেছে এবং আরেকটি ভেঙে ফেলেছে।  এতে প্রায় ৭০ হাজার টাকার বেশি ক্ষতি হয়েছে। পাম্প বন্ধ থাকায় জমিতে সেচ দেওয়া যাচ্ছে না।” স্থানীয় কৃষকরা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত সেচ পাম্পটি পুনরায় সচল করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। অনেকেই ধারণা করছেন এলাকায় মাদকের উপদ্রব্য বৃদ্ধি পাওয়ায় মাদক সেবনকারীরা পানি উত্তোলনের মটর ও সোলার প্যানেল চুরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে