রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ চত্বরে নির্মিত ওয়াকওয়ে দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধে সকলের সহযোগিতা কামনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ।
উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরপাড় ঘিরে বয়স্ক, শিশু, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষের হাঁটাচলা ও শারীরিক ব্যায়ামের সুবিধার্থে পার্কিং টাইলস দ্বারা একটি আধুনিক ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে।
কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, অনেকেই ওই ওয়াকওয়ে ব্যবহার করে মোটরসাইকেল চালাচ্ছেন। অনেক ক্ষেত্রে দ্রুতগতিতে মোটরসাইকেল চলাচলের কারণে পথচারীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি ওয়াকওয়ের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে ওয়াকওয়ে নির্মাণের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্য ও পরিবেশও নষ্ট হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, “ওয়াকওয়েটি জনগণের হাঁটাচলা, শরীরচর্চা ও বিনোদনের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে। এর সুরক্ষা ও যথাযথ ব্যবহার নিশ্চিত করা সবার দায়িত্ব। জনস্বার্থে নির্মিত এই স্থাপনার সৌন্দর্য ও কার্যকারিতা বজায় রাখতে সকলকে ওয়াকওয়ে দিয়ে মোটরসাইকেল চলাচল থেকে বিরত থাকতে হবে।”
তিনি উপজেলা পরিষদ চত্বরে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং সরকারি সম্পদ সংরক্ষণে সকলের সচেতনতা ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।