বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস’র উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) উপজেলার দেড় বোয়ালিয়া এলাকায় সিএসএস’র উপজেলা ব্রাঞ্চ কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে সিএসএস’র মাইক্রোফাইন্যান্স (এমএফপি) কার্যক্রমের উপকারভোগী মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়। মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাফিউ ফরমান ও তার সহযোগীরা দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসএস’র গোপালগঞ্জ জোনের রিজিওনাল ম্যানেজার পঙ্কজ আঢ্য। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান এবং সিএসএস মোল্লাহাট ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার বলাই লাল হাওলাদার। প্রধান অতিথির বক্তব্যে পঙ্কজ আঢ্য বলেন, “সিএসএস সবসময় সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। মানুষের মৌলিক চাহিদার অন্যতম স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।”
প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান বলেন, “সিএসএস’র এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” আয়োজকরা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে আগত রোগীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। সিএসএস-মাইক্রোফাইন্যান্স, গোপালগঞ্জ জোনের আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পে স্থানীয় উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শতাধিক মা ও শিশুসহ বেশ কিছু বয়োবৃদ্ধ পুরুষ ও নারী এ স্বাস্থ্য সেবা গ্রহণ করেন।