ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের কাপলার ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ট্রেন যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) দুপুর ১২ টা ১২ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁওয়ের কাওরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি শহীদনগর এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনের কাপলার হঠাৎ ভেঙে যায়। যার ফলে ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। মশাখালী রেলওয়ে ষ্টেশনের স্টেশন মাস্টার জুন্নুন হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামালপুর এক্সপ্রেস ট্রেনটি শহীদনগর এলাকায় পৌঁছালে কাপলার ভেঙে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন আনার কাজ চলছে। রিলিফ ইঞ্জিন এসে পৌঁছালে ঢাকা- ময়মনসিংহ- জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
তিনি আরও জানান, তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনটি সাময়িকভাবে আটকা পড়ায় দূরে ট্রেন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পেয়ে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।