যানজট কমাতে

সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৫ জুন, ২০২৬, ০৬:৪৭ পিএম | প্রকাশ: ১৫ জুন, ২০২৬, ০৬:৪৫ পিএম
সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল পর্যায়ক্রমে রাজধানীর বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নগর পরিবহন ব্যবস্থার সংস্কারের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত ‘যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক তৃতীয় দফার সভায় এ নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে ঢাকা মহানগরের দুই প্রশাসক সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরে নগরীর অভ্যন্তরীণ যানজটের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই বাস্তবতায় নগরীর ভেতর থেকে এসব টার্মিনালের বাস ডিপো পর্যায়ক্রমে সরিয়ে রাজধানীর বাইরে অথবা উপযুক্ত প্রান্তিক স্থানে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের ধারণা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর প্রধান সড়কগুলোতে বাসের অপ্রয়োজনীয় চাপ কমবে এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

সভায় নগর পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও সমন্বিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। যানজট কমানোর পাশাপাশি রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উচ্চপর্যায়ের এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর পরিবহন ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে