সুজানগরে নৌ-পথে ভাড়া বৃদ্ধি

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ১৬ জুন, ২০২৬, ১১:৩৮ এএম
সুজানগরে নৌ-পথে ভাড়া বৃদ্ধি

পাবনার সুজানগরে বিভিন্ন সড়ক পথে ভাড়া বৃদ্ধির পর এবার নৌ-পথেও যাত্রীবাহী খেয়া নৌকার ভাড়া মাত্রাতিরিক্ত বৃদ্ধি করা হয়েছে। এতে যাত্রীরা দিশেহারা হয়ে পড়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া এবং সাতবাড়ীয়া-হাবাসপুর পদ্মা নৌ-পথ রয়েছে। ওই দু’টি নৌ-পথের খেয়া নৌকার মাঝিরা যাত্রীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করছেন। উপজেলার উলাট গ্রামের ভুক্তভোগী যাত্রী আলতাফ হোসেন বলেন উপজেলার নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া এবং সাতবাড়ীয়া-হাবাসপুর খেয়া ঘাটের দূরত্ব মাত্র ৫/৬ কিলোমিটার। আগে ওই নৌ-পথে যাত্রীপ্রতি ভাড়া নেওয়া হতো ৪০থেকে ৫০টাকা। কিন্তু বর্তমানে ভাড়া বৃদ্ধি করে নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌ-পথে ৭০ টাকা এবং সাতবাড়ীয়া-হাবাসপুর নৌ-পথে ৫০ থেকে ৬০টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। উপজেলার  বোনকোলা গ্রামের ভুক্তভোগী যাত্রী শামছুর রহমান বলেন আগে সড়ক পথের চেয়ে নৌ-পথের ভাড়া অনেক কম নেওয়া হতো। কিন্তু বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগে সড়ক পথের চেয়ে নৌ-পথেই বেশি ভাড়া নেওয়া হচ্ছে। বিশেষ করে সড়ক পথে বিভিন্ন ধরনের বিকল্প যানবাহনের ব্যবস্থা থাকলেও নৌ-পথে তা নেই। আর সেই সুযোগে খেয়া নৌকার মাঝিরা যাত্রীদের জিম্মি করে মাত্র ৫/৬কিলোমিটার নৌ-পথে ৫০ থেকে ৭০টাকা ভাড়া আদায় করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান বলেন খোঁজ-খবর নিয়ে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।