জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বরিশাল জেলা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে অবৈধভাবে পাচারের সময় ১৩ ব্যারেল মাছের রেণু পোনা ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজা এলাকায় জেলা এনএসআই ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে পরিবহনের সময় প্রায় তিন লাখ মাছের রেণু পোনাভর্তি ১৩টি ব্যারেল এবং একটি ট্রাক জব্দ করা হয়।
সোমবার (১৫ জুন) দিবাগত রাতে এনএসআই সূত্রে জানা গেছে, জব্দকৃত রেণু ওইদিন দুপুরে বরিশাল নগরীর ডিসি ঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। সূত্রমতে, ভোলা থেকে আসা একটি ট্রলার দোয়ারিকা সেতুর নিচে রেখে রেণু পোনাগুলো একটি ট্রাকে তুলে সড়কপথে পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী ও মৎস্য অধিদপ্তরের যৌথ দল অভিযান চালিয়ে ট্রাকসহ রেণু পোনাগুলো জব্দ করে। উদ্ধার হওয়া রেণু পোনাগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নদী ও জলাশয়ের প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ রেণু পোনা পাচাররোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন বলেন, ভোলা থেকে অবৈধভাবে ট্রাকযোগে পাচারকালে এনএসআইয়ের সহযোগিতায় এসব রেণু পোনা জব্দ করা হয়।