পাবনার চাটমোহরে ৪ বছরের এক শিশুকে চুরি করে নিয়ে যাবার সময় জনতার হাতে আটক হয়েছেন এক ব্যক্তি। আটক ব্যক্তি হলেন,গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার পূর্ব খাটিয়াবাড়ি গ্রামের ফজল প্রামানিকের ছেলে আরশেদ প্রাং (৩০)। উদ্ধার হওয়া শিশু চাটমোহর উপজেলার অমৃতকুন্ডা গ্রামের কেস্টু দাসের ছেলে রাজদেব (৪)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টার দিকে। আটক ব্যক্তি ও শিশুটি পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ বলছে,আটক আরশেদ মানসিক ভারসাম্যহীন। ফুলছড়ি এলাকায় আরশেদ পাগল বলে পরিচিত।
পুলিশ ও শিশুটির পরিবারের সদস্যরা জানান,চাটমোহর রেলবাজার (অমৃতকুন্ডা) এলাকায় শিশুটি খেলছিলো। সেখান থেকে আরশেদ শিশুটিকে চুরি করে নিয়ে যাচ্ছিল। চাটমোহর পৌর সদরের পাশে দোলং এলাকা দিয়ে যাওয়ার সময় শিশুটি জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। এসময় এলাকার লোকজন আরশেদ আটক করে। তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় পুলিশে সোপর্দ করা হয়। এরমধ্যে শিশুটি মা-বাবা এসে শিশুটিকে গ্রহণ করে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান,শিশু ও আটক ব্যক্তি পুলিশী হেফাজতে রয়েছে। আটক ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। এটা চুরি কিনা,তা যাচাই-বাছাই ও তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।