রংপুর সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ডের মীরগঞ্জ কইয়াপাড়ায় পল্লী বিদ্যুতের তার চুরি করার সময় বিদ্যুস্পৃষ্ট হয়ে সুজন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) দিবাগত রাত ৩ টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সুজন ওই এলাকার আব্দুর রহিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সুজন গভীর রাতে বাড়ির পাশে পল্লি বিদ্যুৎ ট্রান্সমিটার থেকে তার চুরির সময় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে পরে যায়। সেখানেই তার মৃত্যু হয়। সকালে ট্রান্সমিটারের পাশে তার মরদেহ দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, যুবকের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।