খুলনার পাইকগাছা উপজেলার উত্তর সলুয়া গ্রামে মাছ ব্যবসায়ী ও ভাটা শ্রমিক জিয়াউর মজলিস (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মৃত নওয়াব আলী মজলিসের ছেলে এবং উত্তর সলুয়া গ্রামের বাসিন্দা। দুই পুত্র ও এক বিবাহিত কন্যা সন্তানের জনক। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজ বাড়ির সামনে একটি শিশু গাছের ডালের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্বজন ও স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করে। পারিবারিক ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত অব্যাহত রয়েছে।