দিনাজপুরের ঘোড়াঘাটে সোনালী ব্যাংকের সামনে থেকে তিন জন ছিনতাইকারীকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সোনালী ব্যাংকের সামনে সন্দেহজনক ভাবে অবস্থান করা কয়েকজন ব্যক্তির গতিবিধি নজরে এলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের পরিচয় সনাক্ত করা হয়।
আটককৃতরা হলেন, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার পশ্চিম দামুদরপুর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে সুরুজ্জামান (৫৪), গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী গ্রামের মৃত ডাক্তার শফিকুল ইসলামের মেয়ে শাহজাহানা ফিরোজ (৫২) এবং রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বৈরাতীপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে শাকিল হোসেন (৩২)। ঘোড়াঘাট থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।