রাজশাহীর মেধাবী শিক্ষার্থী সাঈদ ইবনে ত্বাকি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। বিশ্বের ৭১টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ইংরেজি ভাষার বিতর্কভিত্তিক প্রতিযোগিতায় বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাঈদ ইবনে ত্বাকি। এ সময় রাসিক প্রশাসক তার উজ্জ্বল ভবিষ্যৎ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য এবং দেশের জন্য গৌরব বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।
জানা গেছে, আগামী ২১ থেকে ২৫ জুন ইংল্যান্ডের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন (আইইএলসি)। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত ১১ জন শিক্ষার্থীর মধ্যে রাজশাহী বিভাগের একমাত্র প্রতিনিধি সাঈদ ইবনে ত্বাকি।
ত্বাকি রাজশাহী মহানগরীর হেতেমখা শাহাজীপাড়া এলাকার বাসিন্দা আবু সাঈদ ও ফরিদা ইয়াসমিনের ছেলে। তিনি বর্তমানে রাজশাহী মসজিদ মিশন একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী।
জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে তিনি রাজশাহী বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। এ কৃতিত্বের ভিত্তিতেই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নির্বাচিত বাংলাদেশের ১১ সদস্যের দলে জায়গা করে নেওয়ার পাশাপাশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন।সৌজন্য সাক্ষাৎকালে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ত্বাকির এই অর্জনকে রাজশাহীর জন্য গৌরবের বলে উল্লেখ করেন। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ত্বাকির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান।