কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান

দক্ষতা অর্জনই কর্মসংস্থান ও আত্মনির্ভরতার চাবিকাঠি

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ১৯ জুন, ২০২৬, ০১:২৬ পিএম
দক্ষতা অর্জনই কর্মসংস্থান ও আত্মনির্ভরতার চাবিকাঠি

সরকারি চাকরি থেকে শুরু করে উদ্যোক্তা হওয়া সব ক্ষেত্রেই দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে। সেই বাস্তবতায় তরুণদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের (টিভিইটি) দিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন। তিনি বলেন, দক্ষতা অর্জন করলে একজন ব্যক্তি যেমন কর্মসংস্থানের সুযোগ পাবে, তেমনি স্বল্প পুঁজিতেও নিজস্ব উদ্যোগ গড়ে তোলার সক্ষমতা অর্জন করবে। শুক্রবার (১৯ জুন) সকালে খুলনা মহিলা কলেজের সেমিনার হলে আয়োজিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) এর সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. আনিস আর রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী অনিমেষ পাল, খুলনা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়, খুলনার পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুশান্ত কুমার সাহ

সেমিনারে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, দেশে কারিগরি শিক্ষার সম্প্রসারণ শুরু হলেও এখনো তা প্রয়োজনের তুলনায় সীমিত। জেলা ও উপজেলা পর্যায়ে টেকনিক্যাল ও পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠান সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগে নতুন ইঞ্জিনিয়ারিং কলেজও চালুর উদ্যোগ চলমান রয়েছে।

তিনি বলেন, কারিগরি শিক্ষার বড় শক্তি হচ্ছে এখানে দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা সরকারি, বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে কাজের সুযোগ পায়। একই সঙ্গে তারা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবেও কাজ শুরু করতে পারে। উদাহরণ হিসেবে তিনি বলেন, মোবাইল সার্ভিসিং, কম্পিউটারভিত্তিক অনলাইন সেবা, ইলেকট্রিক্যাল কাজ, ওয়েল্ডিং, নির্মাণকাজ, কাঠশিল্পসহ বিভিন্ন খাতে অল্প পুঁজিতে আয়মুখী উদ্যোগ গড়ে তোলা সম্ভব। বর্তমান সময়ে অনলাইন আবেদন, সেবা প্রদান এবং প্রযুক্তিনির্ভর কাজের সুযোগও দ্রুত বাড়ছে।

প্রকৌশলী রুহুল আমিন আরও বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী শুধু আয়মুখী দক্ষতাই অর্জন করে না, উচ্চশিক্ষার পথও তার জন্য উন্মুক্ত থাকে। দেশে ও বিদেশে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও কারিগরি শিক্ষার্থীদের সুযোগ বাড়ছে।

তিনি জানান, কারিগরি শিক্ষার মানোন্নয়নে অবকাঠামো, ল্যাব ওয়ার্কশপ এবং আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য সামনে রেখে আগামী দুই বছরের মধ্যে ভোকেশনাল এডুকেশন ডেভেলপমেন্ট নামে একটি প্রকল্প চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিশেষ করে বেসরকারি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে।

তিনি আরও জানান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় আরও একটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যা শিক্ষক ও প্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। সেমিনারে খুলনা বিভাগের বিভিন্ন জেলার প্রায় ৪০০টি কলেজের প্রধান শিক্ষক এবং ইমামগণ অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে