মেহেরপুরে আবারও চারজনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তে শক্ত অবস্থান নিয়ে আবারও বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকার সীমান্তের শূন্যরেখার ওপারে ভারতের সীমান্তারের মধ্যে চারজন ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। বিজিবি তাৎক্ষণিকভাবে কঠোর অবস্থান গ্রহণ করে বিএসএফের পুশইন ঠেকাতে।
স্থানীয়রা জানান, বিএসএফ চারজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তবে তাদের পরিচয়, জাতীয়তা কিংবা কী কারণে তাদের সীমান্তে আনা হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।বিজিবির সাথে স্থানীয়রাও অবস্থান নিচ্ছে।আমরা চাই তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত দিক।কিন্তু অবৈধভাবে দিলে আমরা কখনোই তা মেনে নেব না।আমরা সবসময় বিজিবির সাথে রয়েছি।
তারা আরও জানান, বিজিবি সদস্যরা ঘটনাস্থলে শক্ত অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুশইনের ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখা হয়েছে। এ বিষয়ে বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, শুক্রবার ভোরে বিএসএফ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। কিন্তু বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ ব্যর্থ হয়। সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণ আমাদের সহযোগিতা করছে। যেকোনো ধরনের পুশইন প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর।
উল্লেখ্য: গত ৬ জুন (শনিবার) ভোরে মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন এর চেষ্টা করে বিএসএফ। আর বিএসএফ এর এ চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি।বিজিবির শক্ত অবস্থানের কারণে পরে সেই ছয় জনকে ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ।