সংস্কার না করে বেইমানি করলে সরকারের পতন হতে বেশি সময় লাগবে না: নাসীরুদ্দীন

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১৯ জুন, ২০২৬, ০৬:১৬ পিএম
সংস্কার না করে বেইমানি করলে সরকারের পতন হতে বেশি সময় লাগবে না: নাসীরুদ্দীন
ছবি, সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আজ শুক্রবার সকালে বাগেরহাট সফরকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বললেন, জনগণ দেশ সংস্কারের পক্ষে ৭৫ পার্সেন্ট ভোট দিয়েছে। কিন্তু বর্তমান সরকার সে সংস্কার বাস্তবায়ন করছে না। আমরা এই সংস্কারের জন্য মাঠে নেমেছি। আমরা সংস্কার বাস্তবায়ন করব। বিএনপি সরকার যদি এই ৭৫ পার্সেন্ট মানুষের সঙ্গে বেইমানি করে তাহলে এই সরকারের পতন হতেও বেশি সময় লাগবে না।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ভারত থেকে যে পুশইনের ষড়যন্ত্র চালাচ্ছে, সেটি সংসদে উত্থাপন করা হয়নি। ভারতের সঙ্গে রয়েসয়ে কথা বলে সরকার। সরকার জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে রাজনীতি ছিল সার্বভৌমত্ব রাজনীতি, সেটার বিরুদ্ধে গিয়ে মুজিববাদের রাজনীতির দিকে পা বাড়াচ্ছে।”

তারেক রহমানকে উদ্দেশে তিনি বলেন, মুজিববাদের পথ ছাড়ুন, মুজিববাদের পাহারাদার হওয়া বন্ধ করুন। ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করবেন না, বাংলাদেশের পক্ষে দাঁড়ান। শেখ হাসিনার বিচার করুন ও সার্বভৌমত্ব রক্ষা করুন। 

‘বাগেরহাট সুন্দর জায়গা, কিন্তু উন্নয়ন খুবই নাজুক অবস্থায় রয়েছে। এখানে শিক্ষা ও চিকিৎসার অবস্থা খুবই খারাপ। তিনি বলেন, বাগেরহাটে একটি শেখ পরিবারের রাজত্ব ছিল, শেখের নাম বিক্রি করেছে কিন্তু উন্নয়নের কোনো ছিটেফোটাও হয়নি। বাগেরহাটবাসীকে অভিনন্দন আপনারা শেখ সন্ত্রাসীদের থেকে বাগেরহাটকে উদ্ধার করেছেন’-উল্লেখ করেন তিনি।

এসময় বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে বলেও যোগ করেন পাটওয়ারী।

এদিন নাসির উদ্দীন পাটোয়ারী বাগেরহাটে এসে প্রথমে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। তিনি বলেন, এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক খানজাহান আলী (রহ.)-এর নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।