বয়স যেন কেবল একটি সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন ফাফ ডু প্লেসিস। টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়ে টেক্সাস সুপার কিংসকে দারুণ জয় এনে দিলেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার। শতক হাঁকানোর দিনে তার বয়স ছিল ৪১ বছর ৩৪১ দিন। ডালাসে অনুষ্ঠিত এমএলসির উদ্বোধনী ম্যাচে সিয়াটল অর্কাসকে ৬ উইকেটে হারায় টেক্সাস সুপার কিংস। ২২১ রানের বিশাল লক্ষ্য তারা পেরিয়ে যায় ৯ বল হাতে রেখেই। ব্যাট হাতে পুরো ইনিংসে আলোচনায় ছিলেন ডু প্লেসিস। মাত্র ৪৫ বলে শতক পূরণ করেন তিনি। এমএলসিতে শতক হাঁকিয়ে রেকর্ডও গড়েছেন এই ব্যাটার। স্বীকৃত টি-টোয়েন্টি সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করার কীর্তি এখন তার দখলে। ইনিংস শেষে তার ব্যাট থেকে আসে ৫২ বলে অপরাজিত ১১৩ রান, যেখানে ছিল ৮ চার ও ৬ ছক্কার ঝড়। ম্যাচে তার সঙ্গে দারুণ জুটি গড়েন রাইলি রুশো। মাত্র ২১ বলে ৪৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে ৩৭ বলে ৯৫ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই দুই দক্ষিণ আফ্রিকান ব্যাটার। শেষদিকে উইয়ান মুল্ডারও ঝড় তোলেন। ১৫ বলে অপরাজিত ৩১ রানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে টেক্সাস সুপার কিংস। এর আগে সিয়াটল অর্কাসের হয়ে ঝড়ো সেঞ্চুরি করেন টিম সিফার্ট। ৬৬ বলে ১০৪ রান আসে তার ব্যাট থেকে। ওপেনার শায়ান জাহাঙ্গির করেন ৪৭ বলে ৭৮ রান। ওপেনিং জুটিতে ১৯১ রান তোলেন তারা। দুই ওপেনারের ঝড়ের পর ২২০ রানের বড় সংগ্রহ পেলেও শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি। বল হাতে টেক্সাস সুপার কিংসের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নান্দ্রে বার্গার। উইকেট না পেলেও ৪ ওভারে খরচ করেছেন মাত্র ২৭ রান।