চাটমোহরে ধান সংগ্রহ অভিযান বন্ধ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ০৩:৪০ পিএম
চাটমোহরে ধান সংগ্রহ অভিযান বন্ধ

পাবনার চাটমোহরে চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহ অভিযান বন্ধ রয়েছে। খাদ্যগুদামে স্থান সংকুলান না হওয়ায় আপাততঃ ধান সংগ্রহ অভযান বন্ধ রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।  একাধিক কৃষক জানান,খাদ্যগুদামে ধান দিতে গিয়ে তারা ফেরত আসতে বাধ্য হয়েছেন। খাদ্যগুদাম থেকে বলা হয়েছে,জায়গা না থাকায় ধান নেওয়া সম্ভব নয়। কৃষকেরা অভিযোগ করেন,কতিপয় ব্যবসায়ীদের কাছ থেকে ধান কিনে গুদাম ভরা হয়েছে। প্রকৃত কৃষক ধান দিতে পারছেন না। বাজার দরের চেয়ে সরকারি দাম বেশি হওয়ায় কতিপয় ব্যবসায়ী গুদাম কর্তৃপক্ষের সাথে যোগসাজসে কৃষি কার্ড সংগ্রহ করে ধান দিয়েছেন। যদিও খাদ্যগুদাম কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করেছেন। 

জানা গেছে,চলতি মৌসুমে চাটমোহর উপজেলাতে ১০০৭ হাজার মে.টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইতোমধ্যে ৫০০ মে.টন ধান সংগ্রহ করা হয়েছে। গুদামে স্থান না থাকায় আপাততঃ ধান সংগ্রহ অভিযান বন্ধ রাখা হয়েছে। ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা আফরিন সুলতানা কৃষকদের অভিযোগ অস্বীকার করে জানান,কৃষকদের কাছ থেকেই ধান নেওয়া হচ্ছে। এখন গুদামে জায়গা নেই,তাই আপাততঃ ক্রয় কার্যক্রম বন্ধ রয়েছে।  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাওল কবির জানান,খাদ্যগুদামে জায়গা খালি হওয়ার সাথে সাথে ধান কেনা হবে। আপাততঃ বন্ধ রাখা হয়েছে। গুদাম খালি করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে