ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজের নবনির্মিত কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনী অনুষ্ঠান শনিবার দুপুুর ১২ টায় সম্পন্ন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেঃ চন্দ্র মোহন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শীলা রানী মন্ডল ও বেলাল হোসেন। এ মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ফরিদুল ইসলাম, মমিনুল হক, উপজেলা ছাত্রদলের কলেজ শাখার সভাপতি মোঃ আল-আমিন মোল্যা, শিক্ষার্থী আনিসা আলমগীর ও ওবায়দুর রহমান সাজিদ প্রমূখ।
প্রধান অতিথি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জাতীকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। মানসম্মত ও উদ্ভাবনী শিক্ষা গ্রহন করলে দেশের বেকার সমস্যা অনেকটা লাঘব হবে। তাই উপজেলার যুব সমাজকে সৃজনশীল ও উৎপাদনমুখী শিক্ষা গ্রহনের জন্য তাগিদ দেন প্রধান অতিথি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে চরভদ্রাসন সরকারি কলেজের নবনির্মিত কেন্দ্রীয় জামে মসজিদটি লাল ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি।