কাপাসিয়ায় মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ২১ জুন, ২০২৬, ১১:৩৭ এএম
কাপাসিয়ায় মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস টোক ইউনিয়ন শাখার উদ্যোগে ১৯ জুন শুক্রবার বিকালে টোক রনেন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মাদক বিরোধী কর্মসূচিতে শতস্ফুর্ত ভাবে বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতাকর্মী, আলেম-উলামা, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড বহন করেন এবং "চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে", "সবারই চাই, মাদকমুক্ত টোক চাই" ইত্যাদি স্লোগানের মাধ্যমে সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করার আহ্বান জানান। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মাদক একটি জাতীয় সমস্যা, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের উপর নির্ভর না করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, সুস্থ, সুন্দর ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণে মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস টোক ইউনিয়ন শাখার এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আপনার জেলার সংবাদ পড়তে