২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২১ জুন, ২০২৬, ০৬:০৩ পিএম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজারের বেশি

দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩টি শিশু। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

রোববার (২১ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে ৬২ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ১ হাজার ১ শিশু।

চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবের পরিসংখ্যানও উদ্বেগজনক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৮৭ শিশু। নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮০ জনে।

সাম্প্রতিক পরিস্থিতিতে হাসপাতালগুলোতেও রোগীর চাপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৮৭৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯২ হাজার ৭৯০ জন। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ১১ হাজার ১১ জন।

এ সময়ে মোট ৭৬ হাজার ৮৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৭২ হাজার ৮৪৯ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

হাম পরিস্থিতির এই ধারাবাহিক ঊর্ধ্বগতি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্যও উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে