শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২২ জুন, ২০২৬, ০২:৩৪ পিএম
শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাস। তিনি তাঁর বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার উবায়দুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলী, সাংবাদিক আতাউর রহমান কাজলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের ১০০ জন ছাত্রীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় ক্যাম্পাসে বেশ কয়েকটি গাছের চারা রোপণ করা হয়। শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব সম্পর্কে সচেতনতা লাভ করে।

আয়োজকরা জানান, এনসিসি ব্যাংক দেশের বিভিন্ন স্থানে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে পরিবেশবান্ধব কর্মসূচি পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ‘আপনার সাথে সবুজের পথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ এনসিসি ব্যাংকের এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান। অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও গাছের চারা পেয়ে আনন্দ প্রকাশ করে এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় গাছ লাগানোর অঙ্গীকার ব্যক্ত করেন। পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গঠনের প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচি উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।

আপনার জেলার সংবাদ পড়তে