ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ২২ জুন, ২০২৬, ০৪:৫২ পিএম | প্রকাশ: ২২ জুন, ২০২৬, ০৪:৫২ পিএম
ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন) দুপুর ১টায় দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন হুমকি-ধমকি, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে প্রতিবাদ ও প্রতিরোধ মিছিল বের হয়। মিছিল শেষে দেওয়া এক বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ‌‘স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের জনগণ হত্যা, গুম, নির্যাতন ও হামলার শিকার হয়েছে। সেই প্রেক্ষাপটে মানুষ আওয়ামী লীগের রাজনীতি আর দেখতে চায় না।’ সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘যে স্বৈরাচার জনগণের অধিকার কেড়ে নিয়েছে, হত্যা, গুম ও খুন করেছে; তাদের দেশের মাটিতে থাকতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইঞ্চি মাটি আমাদের পাহারা দিতে হবে। ছাত্রলীগ যাতে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সেজন্য আমাদের সচেতন থাকতে হবে।’ তিনি বলেন, ‘ছাত্রলীগ নেতাকর্মীদের প্রকাশ্যে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। আওয়ামী লীগ ২৩ তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করবে। তাদের মোকাবিলায় আমাদের ফজরের নামাজের পর থেকেই রাজশাহীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে হবে।’

আপনার জেলার সংবাদ পড়তে