আশুরা ঘিরে কড়া নিরাপত্তা, তাজিয়া মিছিলে অস্ত্রসদৃশ বস্তু ও আতশবাজি নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ০১:৪০ পিএম
আশুরা ঘিরে কড়া নিরাপত্তা, তাজিয়া মিছিলে অস্ত্রসদৃশ বস্তু ও আতশবাজি নিষিদ্ধ
ফাইল ছবি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিতব্য মিছিলগুলোতে দা, ছোরা, বর্শা, তরবারিসহ বিভিন্ন অস্ত্রসদৃশ বস্তু বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ মহররম ১৪৪৮ হিজরি উপলক্ষে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। অতীতে কিছু ব্যক্তি মিছিলে ধারালো অস্ত্রসদৃশ সামগ্রী নিয়ে অংশ নেওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্কও তৈরি হয়েছে।

ডিএমপি বলছে, মহররমের শোকাবহ পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানো সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী তাজিয়া মিছিল চলাকালে এসব কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মিছিল শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

এদিকে হোসেনী দালান ইমামবাড়ায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানিয়েছেন, আশুরা উপলক্ষে রাজধানীতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন বিভাগের ২৮টি ইমামবাড়ার উদ্যোগে ১ থেকে ১০ মহররম পর্যন্ত মোট ৬৩টি তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, “প্রতিটি তাজিয়া মিছিল ও গুরুত্বপূর্ণ সমাবেশস্থলে ব্যারিকেড, পিকেটিং, ছাদ নজরদারি এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।”

ডিএমপি কমিশনার আরও জানান, সম্ভাব্য নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষায়িত ইউনিট, স্পেশাল ব্রাঞ্চ, র‌্যাব, সিটিটিসির ডগ স্কোয়াড এবং বোম্ব ডিসপোজাল টিম মিছিলের রুট ও ভেন্যুতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করবে। গুরুত্বপূর্ণ ইমামবাড়াগুলোতে আর্চওয়ে গেট ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তাজিয়া মিছিলের রুটে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল থেকে নির্ধারিত কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন থাকবে। এ কারণে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

মিছিলের আয়োজকদের প্রতিও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। মিছিলে কোনো ধরনের ধারালো ধাতব বস্তু, দাহ্য পদার্থ, ব্যাগ, পোটলা বা সন্দেহজনক সামগ্রী বহন করা যাবে না। উচ্চ শব্দের যন্ত্র, পিএ সিস্টেম ও ঢাক-ঢোল ব্যবহার থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, আশুরা উপলক্ষে অনলাইন গুজব প্রতিরোধে সাইবার পেট্রোলিং ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণও জোরদার করা হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে