তালতলীতে গোসল করতে নেমে নিখোঁজ, কিশোরের মরদেহ উদ্ধার

এফএনএস (মোঃ আব্দুল মোতালিব; তালতলী, বরগুনা) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ০২:২২ পিএম
তালতলীতে গোসল করতে নেমে নিখোঁজ, কিশোরের মরদেহ উদ্ধার

বরগুনার তালতলীতে সোনাকাটা-ইকোপার্ক সংলগ্ন খালে গোসল করতে নেমে মুছা (১৭) নামের এক কিশোর নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাত ১১টার দিকে উপজেলার ফকিরহাট সংলগ্ন সোনাকাটার টেংরাগিরি ইকোপার্কের খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল ১১টার দিকে ওই খালে গোসল করতে যায় মুছা। নিহত মুছা উপজেলার মধ্যনিদ্রা গ্রামের বশির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকায় দুলাল মোল্লার মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারে কাজ করেন মুছা। টেংরাগিরি ইকোপার্ক এলাকায় অবস্থান করার সময় সোমবার সকাল ১১টার দিকে তিনি ওই খালে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তিনি খালের পানিতে ডুবে নিখোঁজ হন। তখন থেকেই মুছাকে খুঁজে পাওয়া না গেলে আশপাশের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। কিছু সময়ের মধ্যে পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে এসে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। খাল ও আশপাশের এলাকা তল্লাশি করেও বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে জোয়ারের পানি কমতে থাকলে রাত আনুমানিক ১১টার দিকে স্থানীয়রা ইকোপার্ক সংলগ্ন খালে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন ও প্রাথমিকভাবে মরদেহটি নিখোঁজ কিশোর মুছা হিসেবে শনাক্ত করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মুছার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।