সরকার বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগে রাজশাহীর দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান শরিফুজ্জান শরিফ ও সাবেক পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭৪ জন নেতাকর্মীর নামে থানায় মামলা দায়ের হয়েছে।
গত ২২ জুন দুর্গাপুর থানার উপপরিদর্শক এসআই নওশাদ আলী মন্ডল বাদী হয়ে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে এই মামালা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, দুর্গাপুর উপজেলা সাবেক চেয়ারম্যান ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান মিঠু, দুর্গাপুর পৌরসভা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, দুর্গাপুর পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সুফিয়ান হৃদয়, মেহেদী হাসান, পৌরসভা ছাত্রলীগের আহবায়ক সোহেল রানা, ছাত্রলীগ নেতা শিমুল, রিয়াল, শিমুল আহম্মেদ, মুন, জাহিদ, সিরাজুল ইসলাম সিরাজ, রোজ,
শামসুজ্জামান সানটেন এজাহার নামীয় সহ অজ্ঞাত ৫০/৬০কে আসামী করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানাযায়, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক ব্যানারে গত ২১ জুন রোববার উপজেলার জয়নগর ইউনিয়নের কানপাড়া ফলিয়ার বিল এলাকায় ঝটিকা মিছিল করে আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
আসামীগন ঝটিকা মিছিল করে জনগনের মাঝে ভয়ভীতি প্রদর্শন ও আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর লক্ষ্যে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে বিভিন্ন শ্লোগান সহ গোপন সভা সমাবেশ করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করে। এজাহারে আরো উল্লেখ্য যে এজাহারনামীয় ১নং আসামী দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান মিঠু ও ১৪ নং আসামী দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ এর পরিকল্পনা, পরিচালনা এবং নির্দেশে আসামীগন সন্ত্রাসী কার্যকলাপ করে অপরাধ সংগঠনের ষড়যন্ত্র, প্রচেষ্টা, প্ররোচনা, সাহায্য ও সমর্থনের মাধ্যমে পরস্পর যোগসাজসে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র তথা নৈরাজ্য সৃষ্টি ও (ইলেকট্রনিক) সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে প্রচার-প্রচারনা করে জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। এঘটনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগের ১৪জন এজাহারনামীয় ও ৫০/৬০ অজ্ঞাত নামা নেতাকর্মীর নামে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারার অপরাধ সংগঠিত করার অপরাধে মামলা রুজু হয়েছে। দুর্গাপুর থানার মামলা নং ১৯।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্রী পঞ্চানন্দ সরকার বলেন, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল মাধ্যমে সন্ত্রাসী কার্যকলাপ করে অপরাধ সংগঠনের ষড়যন্ত্র, প্রচেষ্টা, প্ররোচনা, সাহায্য ও সমর্থনের মাধ্যমে পরস্পর যোগসাজসে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র তথা নৈরাজ্য সৃষ্টি ও (ইলেকট্রনিক) সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে প্রচার-প্রচারনা করে জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে।
এই অপরাধে সন্ত্রাস বিরোধী আইনে দুর্গাপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলার আসামীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত পুলিশি অভিযান অব্যাহত থাকবে।