বীরগঞ্জে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সনদপত্র ও মেডেল বিতরণ

এফএনএস (আবুল হাসান জুয়েল; বীরগঞ্জ, দিনাজপুর) :
| আপডেট: ২৩ জুন, ২০২৬, ০৭:১৯ পিএম | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ০৭:১৯ পিএম
বীরগঞ্জে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সনদপত্র ও মেডেল বিতরণ

দিনাজপুরের বীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত রচনা ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদপত্র ও মেডেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে বীরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার আবুল কালাম আজাদ এবং বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারা পারভীন।

বীরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মো. আবু সামা মিঞা (ঠান্ডু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির  সহ সভাপতি  মাহাবুর রহমান আঙ্গুর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

জনসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল- অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ। প্রতিযোগিতায় পক্ষ দলের নেতৃত্ব দেন ঝাড়বাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শুভেন্দু দেবনাথ এবং বিপক্ষ দলের নেতৃত্ব দেন ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা। প্রাণবন্ত যুক্তি ও উপস্থাপনার মাধ্যমে ঝাড়বাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে।

অপরদিকে রচনা প্রতিযোগিতায় বীরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফারিহা লামিসা প্রাপ্তি প্রথম স্থান লাভ করে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সনদপত্র, মেডেল ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন  বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সততার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে