মায়ের মৃত্যুর খবরে দেশে ফিরে গেলেন এমবাপেদের কোচ

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ০৮:২১ এএম
মায়ের মৃত্যুর খবরে দেশে ফিরে গেলেন এমবাপেদের কোচ

ফ্রান্সের হেড কোচ দিদিয়ের দেশম তার দলের শেষ গ্রুপ ম্যাচে থাকতে পারছেন না। মায়ের মৃত্যুর খবরে দেশে ফিরে গেছেন তিনি। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন এই খবর নিশ্চিত করেছে। গত মঙ্গলবার সকালে মায়ের মৃত্যুর খবর জানতে পারেন দেশম। তার আগের দিন ফ্রান্স ইরাককে হারিয়ে শেষ ৩২ এ জায়গা নিশ্চিত করে। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে দেশমকে দেশে ফিরে যাওয়ার অনুমতি দেন এফএফএফ প্রেসিডেন্ট ফিলিপ্পে দিয়ালো। ‘আই’ গ্রুপে আগামী শনিবার নরওয়ের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে ফ্রান্স। এই ম্যাচ তো বটেই, দেশম না ফেরা পর্যন্ত স্কোয়াডের দায়িত্বে থাকবেন সহকারী কোচ গাই স্টেফান। খেলোয়াড় হিসেবে ফ্রান্সের সঙ্গে দেশম ১৯৯৮ সালের বিশ্বকাপ জেতেন এবং ২০০০ সালেও ইউরো জয়ী দলে ছিলেন। ২০১২ সালে জাতীয় দলের কোচ হন এবং ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে ফাইনালে তোলেন। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ ট্রফি জয়ের কীর্তি গড়েন ২০১৮ সালে। গত সপ্তাহে সেনেগালকে ৩-১ গোলে হারায় ফ্রান্স। তারপর ফিলাডেলফিয়ায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারায় তারা, দুটি ম্যাচেই জোড়া গোল করেছেন দলের প্রধান তারকা কিলিয়ান এমবাপে।