মুন্সিগঞ্জের শ্রীনগরে নারীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধি বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে “নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. শবনম শারমিন লুনা। সেমিনারে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান ও সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল।
আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. গোলাম রব্বানী সোহেল, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মনোয়ারা বেগম, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মো. জুয়েল মিঞাসহ উপজেলার সকল স্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নের জন্য শিক্ষা এবং কর্মমুখী দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে নারীরা প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে পরিবার ও সমাজের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। সেমিনারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, নারী উদ্যোক্তা এবং সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নারীদের শিক্ষা ও ক্যারিয়ার গঠনে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। আয়োজকরা জানান, নারীদের উচ্চশিক্ষা ও কর্মজীবনে আরও এগিয়ে নিতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সেমিনার শেষে উপস্থিত অতিথিরা নারীদের উন্নয়ন ও সমঅধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।