প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

কালীগঞ্জে শ্রেষ্ঠ ৬ শিক্ষককে সম্মাননা সনদ প্রদান

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) :
| আপডেট: ২৫ জুন, ২০২৬, ০৬:৩১ পিএম | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ০৬:৩১ পিএম
কালীগঞ্জে শ্রেষ্ঠ ৬ শিক্ষককে সম্মাননা সনদ প্রদান

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’ (ব্যক্তি ও প্রতিষ্ঠান) সম্পন্ন হয়েছে। এবারের প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬ জন শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকেরা হলেন-সৈয়দা ইশরাত জাহান, হাসানুর রেজা, সুভাষ কুমার মজুমদার, নাছিমা খাতুন, মতিউর রহমান এবং আয়াতুল জোহরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির পক্ষ থেকে নির্বাচিত এই ৬ জন গুণী শিক্ষকের হাতে আনুষ্ঠানিকভাবে ‘সম্মাননা সনদ’ তুলে দেওয়া হয়েছে। গত ১৭ মে, ২০২৬ যাচাই বাচাই কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষরে এই সনদ প্রদান করা হয়। সম্মাননা সনদে যৌথভাবে স্বাক্ষর করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ.এম রোকনুজ্জামান এবং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। এই অর্জনে বাছাই কমিটির পক্ষ থেকে নির্বাচিত সকল শিক্ষকের প্রতি আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে এবং তাঁদের ভবিষ্যৎ কর্মজীবন ও সার্বিক সাফল্য কামনা করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, পেশাগত দক্ষতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা শিক্ষকদের মাঝে ইতিবাচক উদ্দীপনা সৃষ্টি করে আসছে।

আপনার জেলার সংবাদ পড়তে