পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সমালোচনা হয় প্রায়ই। সমাধানের লক্ষ্যে এ বছর যুক্তরাজ্যভিত্তিক ফিজিওথেরাপিস্ট ড. জাভেদ মুঘলকে স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ মেডিসিনের পরিচালক হিসেবে নিয়োগ দেয় পিসিবি। সম্প্রতি তিনি জানিয়েছিলেন, খেলোয়াড়দের মূল্যায়নের জন্য নতুন ও নির্ভরযোগ্য পরীক্ষাপদ্ধতি চালু করা হয়েছে। এরই অংশ হিসেবে ক্রিকেটারদের যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন ক্রিকইনফোকে বলেন, ‘এটি একটি যৌথ উদ্যোগ। এটা শুধু ন্থ অ্যান্ড কন্ডিশনিং নয়। জাভেদ মুঘল এসে খেলোয়াড়দের প্রশিক্ষণ ও মূল্যায়নের পদ্ধতিতে পরিবর্তন আনছেন। সেগুলো বাস্তবায়নের জন্যও সময় প্রয়োজন।’ খেলোয়াড়দের যুক্তরাষ্ট্র পাঠানোর বিষয়ে হেসন বলেন, ‘আমরা কয়েকজন খেলোয়াড়কে যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছি। সেখানে পাওয়ার হিটিং নিয়ে বিশেষজ্ঞদের কাজ রয়েছে এবং আমরা কিছু বিকল্প খতিয়ে দেখছি। আমাদের কিছু খেলোয়াড় দীর্ঘমেয়াদি চোট থেকে ফিরছে, আবার কিছু খেলোয়াড়কে পাওয়ার হিটিংয়ের নতুন পদ্ধতি ও ভিন্ন শেখার পরিবেশের সঙ্গে পরিচিত করাতে চাই। চার মাস এক জায়গায় থেকে নতুন কিছু ধারণা পাওয়ার সুযোগ থাকবে তাদের।’ মূলত তরুণ ক্রিকেটারদেরই প্রাধান্য দেওয়া হবে যুক্তরাষ্ট্রে ট্রেনিং নেওয়ার ক্ষেত্রে। ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও পাঠানো হবে। যারা ভিন্ন কন্ডিশনে খাপ খাওয়ানোর দিকে নজর রাখবেন।