ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মহিলা কলেজের ২০২৬ খ্রিষ্টাব্দের উচ্চমাধ্যমিক শ্রেণির পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো. সাইফুল ইসলাম। প্রভাষক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, সমাজকর্মী মো. আক্তার হোসেন, মোজাম্মেল পাঠান, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এম.এ মুসা, জুলকার নাঈন, ফয়সাল আহমেদ মৃধা দুলাল, প্রভাষক রূহুল আমীন রূবেল, মো. শফিকুর রহমান, শিক্ষার্থী মোছা: সাবিকুন্নাহার প্রমূখ। প্রধান অতিথি নারী শিক্ষার উপর গুরূত্ব দিয়ে বলেন, দেশকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই। পাঠদানের পদ্ধতি, আরো মনোযোগি, শিক্ষার্থীদের সুষ্ঠু জীবন-যাপন, মুঠোফোন বা ডিভাইস ব্যবহারের নিয়ম বিধিনিষেধ ও সময়, পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষার কেন্দ্রে করণীয় ও বর্জনীয় বিষয় ইত্যাদি আলোচনা করেন। তিনি বলেন, আজ তোমাদের বিদায় নয়। দুই বছর শিক্ষা গ্রহণের পর আরো উচ্চ পর্যায়ের শিক্ষা গ্রহণের পথে অগ্রসর হওয়ার যাত্রা করছ। স্বাধীনতার ৪৮ বছর পর সরাইলে গড়ে উঠা একমাত্র মহিলা কলেজটিকে ঠিকিয়ে রাখা সকলের দায়িত্ব। কারণ দেশের অগ্রযাত্রায় নারীর অর্ধেক ভূমিকা রয়েছে। আমি যতদিন এখানে আছি কলেজটিকে এগিয়ে নিতে কাজ করে যাব। শিক্ষক ও শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় দ্বারাই ভাল ফলাফল সম্ভব। অধিক সংখ্যক শিক্ষার্থী নয়, মানসম্মত শিক্ষার্থী প্রয়োজন। এর আগে কলেজের শিক্ষকরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। সবশেষে সরাইল রাহমাতুল্লিল আল-আমীন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু আক্কাস হায়দার দোয়া পরিচালনা করেন।