কুষ্টিয়ার দৌলতপুরে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগামী ২৮ জুন ২০২৬ দেশব্যাপী উদযাপিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, মহাখালী, ঢাকার আয়োজনে এবং দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়। অবহিতকরণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার এমদাদুল হক টোটন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল লিটন।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুনের ক্যাম্পেইনে দৌলতপুর উপজেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী লক্ষ্যমাত্রার শিশুর সংখ্যা ৫,৯৯৯ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৬,০১৪ জন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ বলেন, একটি শিশুও যেন এই পুষ্টি সুবিধা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে। ভিটামিন ‘এ’ শিশুর অন্ধত্ব প্রতিরোধ করে, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শিশু মৃত্যুর হার হ্রাস করে। এই জাতীয় কর্মসূচিকে সফল করতে মাঠপর্যায়ের কর্মী, শিক্ষক, ইমাম এবং গণমাধ্যমকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে ডাক্তার এমদাদুল হক টোটন বলেন, উপজেলার নির্দিষ্ট টিকাদান কেন্দ্রগুলোতে সকাল থেকে বিকেল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শিশুদের নীল ও লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন শতভাগ সফল করতে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মূল প্রবন্ধ উপস্থাপনের সময় ডাক্তার রাসেল আহমেদ লিখন ভিটামিন ‘এ’-এর গুরুত্ব ও উপজেলার সামগ্রিক পরিকল্পনা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিশদভাবে তুলে ধরেন। সভায় উপজেলার ইউনিয়নের স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা কর্মী এবং স্থানীয় সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে এই ক্যাম্পেইন সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।