পাবনার ভাঙ্গুড়ায় রাতের বেলায় সড়কের পাশে বসে মাদকসেবন করছিলেন দুই যুবক। এমন সময় সেখানে পুলিশ নিয়ে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অতঃপর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পৌর শহরের সরদারপাড়া এলাকার তমিজ মন্ডলের ছেলে ছানোয়ার হোসেন(৪২) ও ভদ্রপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে জাকির হোসেন(৪২)। শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে পৌরশহরের সরদারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় এই দণ্ড প্রদান করেন। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই দুই যুবককে মাদকসেবন করা অবস্থায় পাওয়া যায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। এর আগেও মাদকসেবনের অপরাধে ওই যুবককে জেল-জরিমানা করা হয়।এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল আযম বলেন, শনিবার দুপুরের দিকে দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।