দশমিনায় এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ২৭ জুন, ২০২৬, ১০:২৬ পিএম
দশমিনায় এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর দশমিনা উপজেলায় সিঁথি রাণী সিকদার (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (২৬ জুন) রাত ১০টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বেতাগী সানকিপুর গ্রামের নিজ বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিঁথি রাণী সিকদার ওই গ্রামের নিত্য রঞ্জন সিকদারের মেয়ে। তিনি দশমিনা সরকারি আবদুর রসিদ তালুকদার কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর সিঁথির বাবা পার্শ্ববর্তী ঠাকুরহাট বাজারে যান। রাতের খাবার শেষে সিঁথি নিজ কক্ষে চলে যায়। রাত ৮টার দিকে তার মা পাশের বাড়িতে টেলিভিশন দেখতে যান। কিছু সময় পর বাড়িতে ফিরে এসে মেয়ের কক্ষের দরজা খুলে গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে পরিবারের দাবী,  বিয়েতে রাজী না হওয়ায় অভিমান করে এ ঘটনা ঘটিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে