চাঁদপুরের কচুয়া উপজেলার সাধারণ মানুষের জরুরি স্বাস্থ্যসেবায় অ্যাম্বুলেন্স প্রদান করে প্রশংসিত হয়েছেন স্পেন প্রবাসী কামরুজ্জামান। বিতারা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সহ-সভাপতি মো. কামরুজ্জামান মজুমদার জামান এর অর্থায়নে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেলে কচুয়ার মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিতারা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উপদেষ্টা শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সহ-সভাপতি মো. তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি, শিক্ষা মন্ত্রী আনম এহছানুল হক মিলনের সহধর্মিনী নাজমুন নাহার বেবী। প্রধান অতিথি বক্তব্যে নাজমুন নাহার বেবী বলেন,প্রবাসী ভাইদের মানবিক এই মহতি উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। দুর্যোগ ও জরুরি মুহূর্তে এই অ্যাম্বুলেন্স সার্ভিস এলাকার মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তিতে বড় ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, অত্র এলাকার অসহায় ও দুস্থ রোগীদের জরুরি প্রয়োজনে এই অ্যাম্বুলেন্স সার্ভিস ২৪ ঘণ্টা সেবা প্রদান করবে। স্থানীয় বাসিন্দারা প্রবাসী ফোরামের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। স্থানীয় এলাকাবাসী জানান, স্পেন প্রবাসী, বিতারা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মজুমদার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি জনকল্যাণমূলক অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন। এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে স্বল্প খরচে বাংলাদেশের যেকোনো প্রান্তে রোগী পরিবহন করা যাবে। বিশেষ করে অসহায়, দরিদ্র, গর্ভবতী মা, জরুরি রোগী ও বিপদগ্রস্ত মানুষের জন্য এই সেবা হবে আশার আলো। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন, সাধারণ সমপাদক মো. মাসুদ এলাহি সুভাস, সিনিয়র সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আব্দুল হাই চৌধুরী, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম, উত্তর কচুয়া বিএনপির সাধারণ সমপাদক মো. ইউসুফ মিয়াজী, কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম মজুমদার, মো. মকবুল হোসেন পাটোয়ারী এবং মো. ইউসুফ খানসহ অন্যান্য নেতৃবৃন্দরা।