ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই হামলাকে ‘বর্বর’ বলে আখ্যায়িত করা হয়েছে। ইরান সরকার বলছে, ওয়াশিংটনের এই আগ্রাসন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় থাকা যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন এই কর্মকাণ্ড আবারও প্রমাণ করল যে, নিজেদের দেওয়া প্রতিশ্রুতির প্রতি ওয়াশিংটনের ন্যূনতম সম্মান বা বিশ্বাসযোগ্যতা নেই। প্রতিশ্রুতি ভঙ্গ করা এখন মার্কিন প্রশাসনের স্বভাবজাত চরিত্রে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেছে তেহরান। একই সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, দেশটির জাতীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় তারা যেকোনো সামরিক আগ্রাসনের বিপরীতে কঠোর অবস্থান নিতে বদ্ধপরিকর।
এদিকে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও ট্রাম্প প্রশাসনের এই অভিযানের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। ডেমোক্র্যাটিক দলের প্রভাবশালী কংগ্রেসম্যান রো খান্না দাবি করেছেন, ইরানের ওপর চালানো মার্কিন হামলা সম্প্রতি কংগ্রেসের পাস করা ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন’ বা ‘যুদ্ধ ক্ষমতা আইন’-এর স্পষ্ট লঙ্ঘন।
এ বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে রো খান্না বলেন, ‘ট্রাম্পকে অবশ্যই এই যুদ্ধ এখনই বন্ধ করতে হবে। অন্যথায় তাকে বাধ্য করতে আমরা আদালতের দ্বারস্থ হতে দ্বিধা করব না।’
উল্লেখ্য, গত মঙ্গলবার সিনেটে ৫০-৪৮ ভোটে ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন’ পাস হয়। এর আগে গত ৩ জুন হাউস অব রিপ্রেজেন্টেটিভসেও একই ধরনের বিল পাস হয়েছিল। এই আইনে মার্কিন প্রেসিডেন্টকে ইরানের বিরুদ্ধে চলমান যেকোনো সংঘাত থেকে সশস্ত্র বাহিনীকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, কংগ্রেসের সুনির্দিষ্ট অনুমোদন বা যুদ্ধের ঘোষণা ছাড়া ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন আর কোনো সামরিক শক্তি প্রয়োগ করতে পারবে না।