ফ্ল্যাট জালিয়াতি মামলা

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়ে ১ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০২:৫৬ পিএম
টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়ে ১ সেপ্টেম্বর

গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত মামলার পরবর্তী শুনানির জন্য ১ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন।

রোববার (২৮ জুন) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। আদালতে নির্ধারিত দিনে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও জামিনে থাকা সহআসামি সরদার মোশাররফ হোসেনের পক্ষে সময়ের আবেদন করা হয়। পরে আদালত আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম বলেন, “মামলাটি অভিযোগ গঠনের শুনানির জন্য ছিল। তবে জামিনে থাকা আসামি মোশাররফ হোসেনের পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।”

মামলার নথি অনুযায়ী, ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধ সুবিধা হিসেবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।

পরে শাহ মো. খসরুজ্জামান তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করলে তার বিষয়ে তদন্ত সাময়িকভাবে স্থগিত হয়। এরপর তাকে বাদ দিয়ে বাকি দুই আসামির বিরুদ্ধে তদন্ত শেষ করে চলতি বছরের ১৩ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্র আমলে নিয়ে ১৮ ফেব্রুয়ারি আদালত টিউলিপ ও মোশাররফ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই মামলায় টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদনও আদালত অনুমোদন করেন।

দুদকের অভিযোগে বলা হয়েছে, গুলশানের একটি সরকারি লিজকৃত প্লটের মালিকানা ও হস্তান্তর প্রক্রিয়ায় নানা অনিয়মের সুযোগ নিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেড সেখানে ভবন নির্মাণ করে ৩৬টি ফ্ল্যাট বিক্রি বা হস্তান্তর করে। অভিযোগ অনুযায়ী, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই প্রতিষ্ঠানের জন্য ফ্ল্যাট হস্তান্তরের অনুমোদন পাইয়ে দিতে ভূমিকা রাখেন। এর বিনিময়ে তিনি বিনামূল্যে একটি ফ্ল্যাট গ্রহণ করেন বলে দুদকের দাবি।

দুদক আরও বলেছে, ইস্টার্ন হাউজিং লিমিটেডের পাঠানো ফ্ল্যাট মালিকদের তালিকায় টিউলিপের নাম অন্তর্ভুক্ত ছিল। এছাড়া প্রতিষ্ঠানটির একটি চিঠিতেও তাকে বিনামূল্যে ফ্ল্যাট দেওয়ার উল্লেখ রয়েছে, যা তদন্তে অবৈধ সুবিধা গ্রহণের প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে।

তবে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, খালা শেখ হাসিনার প্রতি রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তার বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে।

এর আগে পূর্বাচলে প্লট বরাদ্দে জালিয়াতির তিন মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ড হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে