হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন জমা আবারও পিছিয়ে, নতুন তারিখ ১৫ জুলাই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০৩:১৯ পিএম
হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন জমা আবারও পিছিয়ে, নতুন তারিখ ১৫ জুলাই
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। ঢাকার আদালত মামলাটির পুনঃতদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী মঙ্গলবার (১৫ জুলাই) নতুন তারিখ নির্ধারণ করেছেন।

রোববার (২৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন এ তারিখ নির্ধারণ করেন।

আদালত সূত্র জানিয়েছে, মামলাটির অধিকতর তদন্তের অগ্রগতি তুলে ধরে কোনো প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি। ফলে তদন্ত শেষ করার জন্য সিআইডিকে আরও সময় দেওয়া হয়েছে। এ নিয়ে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১৭তম বারের মতো পিছিয়েছে।

এর আগে বুধবার (১৫ জানুয়ারি) মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গোয়েন্দা পুলিশের (ডিবি) দাখিল করা অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে আদালতে নারাজি আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন এবং তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের শুক্রবার (১২ ডিসেম্বর) মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সোমবার (১৫ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর রোববার (১৪ ডিসেম্বর) হত্যাচেষ্টার অভিযোগে পল্টন থানায় মামলা করেন আবদুল্লাহ আল জাবের। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।

পরে সোমবার (৬ জানুয়ারি) গোয়েন্দা পুলিশ মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে।

ডিবির তদন্ত কর্মকর্তা পরিদর্শক ফয়সাল আহমেদ অভিযোগপত্রে উল্লেখ করেন, আসামিদের রাজনৈতিক পরিচয় এবং হাদির বিভিন্ন রাজনৈতিক বক্তব্য বিশ্লেষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। অভিযোগপত্রে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করাও হামলার অন্যতম উদ্দেশ্য ছিল।

আপনার জেলার সংবাদ পড়তে