বড়াইগ্রামে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) : | প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০৮:১২ পিএম
বড়াইগ্রামে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাসের চাকায় পিষ্ট হয়ে এনামুল হক (৩৪) নামে এক মোটর সাইকেল চালকের নির্মম মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় ৬টায় উপজেলার রয়না ভরট হাটে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক মুন্সীগঞ্জ সদর এলাকার শেখ সাদির ছেলে। তিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকালে এনামুলসহ তার আরো কয়েকজন বন্ধু নিজ নিজ মোটর সাইকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। পথে রয়না ভরট হাটে একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়েন। এ সময়ে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহণের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে