৫ শিশু সন্তানের জনক মাওলানা রফিকের বাঁচার আকুতি

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ০২:৪৭ পিএম
৫ শিশু সন্তানের জনক মাওলানা রফিকের বাঁচার আকুতি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মাওলানা মো. রফিকুল ইসলাম (৪৫)। হঠাৎ ব্রেইন টিউমারের মত জটিল রোগে আক্রান্ত। ব্যাথায় অস্থির। চিকিৎসকের পরামর্শ দ্রূত অস্ত্রোপাচার করতে হবে। ৫ থেকে ৭ লাখ টাকার প্রয়োজন। চোখে অন্ধকার দেখছেন এই মাওলানা। কারণ দারিদ্রতার কষাঘাতে জর্জরিত রফিক বা তার পরিবারের পক্ষে এত টাকা যোগাড় করা অসম্ভব। তাই চিকিৎসার অভাবে নিশ্চিত মৃত্যুর প্রহর গুনছেন তিনি। বারবার বাঁচার আকুতি জানাচ্ছেন ৫ শিশু সন্তানের জনক রফিক। চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহায়তা চাইছেন তিনি। মাওলানা রফিকের এই চাওয়া কী পূরণ হবে? নাকি বিনা চিকিৎসায় নিভে যাবে তাঁর জীবন প্রদীপ? চোখের সামনে নিমিষে এতিম হয়ে যাবে ৫ অবুঝ শিশু! 

পারিবারিক সূত্র জানায়, সরাইল সদরের নিজ সরাইল গ্রামে ২ শতক বসত ভিটা ছাড়া আর কিছুই নেই রফিকের। পরিবারের অন্যদের অর্থনৈতিক অবস্থাও তেমন ভাল না। বিকাল বাজার শাহী জামে মসজিদের (হাটখোলা) মোয়াজ্জ্বিনের পদে গত ১৫ বছর ধরে দায়িত্ব পালন করছেন তিনি। ইমামের অনুপস্থিতিতে ইমামতিও করছেন। এখানকার সামান্য সম্মানিতেই কোন রকমে চলতো রফিকের ৭ সদস্যের পরিবার। এই আয়-ই ছিল রফিকের বেঁচে থাকার ভরসা। ৩ মেয়ে ২ ছেলের মধ্যে সবার বড় ছেলের বয়স মাত্র ১৩ বছর। গত ১০-১৫ দিন আগে হঠাৎ রফিক মাথায় প্রচন্ড ব্যাথা অনুভব করেন। প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় ও পরে ঢাকায় চিকিৎসা নিতে যান। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক বলেন, রফিকের ব্রেইনে টিউমার হয়েছে। সেইটার অবস্থাও তেমন ভাল না। দ্রূত অপারেশনই এখন মূল চিকিৎসা। এতে প্রায় ৫-৭ লাখ টাকার প্রয়োজন। আকাশ ভেঙ্গে মাথায় পড়ে রফিক ও তার পরিবারের। কারণ পরিবারের পক্ষে এত টাকা যোগাড় করা অসম্ভব। স্বামীর জটিল রোগ আর টাকার চিন্তায় এখন দিশেহারা রফিকের স্ত্রী। রোগ যন্ত্রণায় রফিক বিছানায় কাতরাচ্ছেন আর বাঁচার স্বপ্ন দেখছেন। কান্না জড়িত কন্ঠে রফিক বলেন, অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যাব ভাবতেই কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমি বাঁচতে চাই। জীবন বাঁচাতে এই সমাজ ও দেশের বিত্তবানদের সহায়তা চাই। দয়া করে আপনারা সকলে মিলে আমার শিশু সন্তানদের তাকিয়ে চিকিৎসায় সহায়তা করূন। আপনাদের সহায়তায় আল্লাহ পাক আমার জীবনটা ফিরিয়ে দিতে পারেন। আমার স্ত্রী সন্তান ও স্বজনদের মুখে হাঁসি ফুটতে পারে। এর প্রতিদানও আল্লাহ আপনাদেরকে দিবেন। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা কুতুব উদ্দিন বলেন, আমরা সাধ্যমত সহায়তার চেষ্টা করছি। চোখের সামনে বিনা চিকিৎসায় মাওলানা রফিককে হারাতে চাই না। চিকিৎসাটি খুবই ব্যয়বহুল। আমি দেশের সকল বিত্তবানদের অনুরোধ করছি আসুন একটি জীবন বাঁচাতে সকলে তাঁর পাশে দাঁড়ায়। রফিক সুস্থ্য হলে বেঁচে যাবে তাঁর পরিবারটি। (মো, রফিকুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর-১৪২০১০০০০৯৬৩০, সোনালী ব্যাংক, সরাইল শাখা, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া)। প্রয়োজনে যোগাযোগ-০১৭২১-৪৮৭৮২৮/ ০১৭৯৮-০৯১১৭৩।

আপনার জেলার সংবাদ পড়তে