সৈয়দপুরে গ্রামীণ ও কুঠির শিল্প মেলায় লটারি বন্ধের দাবি

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ২৯ জুন, ২০২৬, ০৩:৪১ পিএম | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ০৩:৪১ পিএম
সৈয়দপুরে গ্রামীণ ও কুঠির শিল্প মেলায় লটারি বন্ধের দাবি

নীলফামারীর সৈয়দপুরে আয়োজিত গ্রামীণ ও কুঠির শিল্প মেলার আড়ালে লটারি পরিচালনার অভিযোগ উঠেছে। প্রতিদিন দর্শনার্থীদের কাছ থেকে নির্দিষ্ট মূল্যে কুপন বিক্রি করে বিভিন্ন পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এটি বৈধ প্রচারণামূলক কার্যক্রম, নাকি অনুমোদনহীন লটারি? স্থানীয় সূত্রে জানা যায়, মেলায় প্রবেশকারী অনেক দর্শনার্থীকে লটারির কুপন কিনতে উৎসাহিত করা হচ্ছে। মোটরসাইকেল, ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হলেও অনেকেই এর বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

সচেতন নাগরিকদের দাবি, দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ সরকারি অনুমোদন ছাড়া লটারির আয়োজন করা যায় না। তাই মেলার নামে এমন কার্যক্রম পরিচালিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। মেলায় আসা কয়েকজন দর্শনার্থী বলেন,শিল্প ও সংস্কৃতির বিকাশের উদ্দেশ্যে মেলার আয়োজনকে আমরা স্বাগত জানাই। তবে যদি এর আড়ালে অনুমোদনহীন লটারি পরিচালিত হয়, তাহলে বিষয়টি খতিয়ে দেখা জরুরি।

এ বিষয়ে মেলার আয়োজকদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তারা অনুমোদনের কাগজপত্র ও কার্যক্রমের বৈধতার ব্যাখ্যা দিলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে। এদিকে স্থানীয় প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানায়, অভিযোগ লিখিতভাবে পেলে বা তদন্তে সত্যতা মিললে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের প্রত্যাশা, গ্রামীণ ও কুঠির শিল্পের বিকাশের নামে আয়োজিত মেলাগুলো যেন স্বচ্ছতা ও আইন মেনে পরিচালিত হয় এবং কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কার্যক্রমের সুযোগ না থাকে। মেলায় লটারী বন্ধে নীলফামারী জেলা প্রশাসক এর দৃষ্টি কামনা করছেন সাধারণ জনতা।

আপনার জেলার সংবাদ পড়তে