ময়মনসিংহের গফরগাঁওয়ের দক্ষিণ অঞ্চলে "আদর্শ নগর উপজেলা" বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে গফরগাঁওয়ের কান্দিপাড়া শিক্ষার্থীদের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলায় কান্দিপাড়া বাজার এলাকায় হাজারো শিক্ষার্থীদের এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। তোমার নগর, আমার নগর- আদর্শ নগর। দাবি মোদের একটাই- আদর্শ নগর উপজেলা বাস্তবায়ন চাই। আদর্শ নগর উপজেলা- আমাদের উপজেলা, শিক্ষার্থীরা এই স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। এসময় কান্দিপাড়া নতুনবাজার জনতা আদর্শ বিদ্যানিকেতন, কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয়, কান্দিপাড়া আলিমুন্নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং মাইজবাড়ি হাতেমতাই উচ্চ বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ "আদর্শনগর উপজেলা" দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়রা "আদর্শনগর উপজেলা" বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং গফরগাঁও আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।