ডিএমপির নির্দেশনা

এইচএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩০ জুন, ২০২৬, ০২:০৬ পিএম
এইচএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করতে রাজধানীর সব পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী বৃহস্পতিবার (২ জুলাই) থেকে পরীক্ষা চলাকালীন পুরো সময় এই নির্দেশনা কার্যকর থাকবে।

মঙ্গলবার (৩০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স এবং আলিম পরীক্ষা ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। পরীক্ষার পুরো সময় এ আদেশ বলবৎ থাকবে।

পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীবাসী ও যানবাহন চালকদের প্রতিও বেশ কিছু নির্দেশনা দিয়েছে ডিএমপি। পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যক্তিগত গাড়িতে কেন্দ্রে এলে কেন্দ্রের সামনে না নেমে কাছাকাছি কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে যেতে বলা হয়েছে। একইভাবে পরীক্ষা শেষে কম যানজটপূর্ণ স্থান থেকে গাড়িতে ওঠার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে, কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রসংলগ্ন সড়কে যানবাহন পার্কিং করা যাবে না। অভিভাবকদেরও কেন্দ্রের আশপাশের সড়কে অযথা অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করেছে পুলিশ।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার (২ জুলাই)। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী এতে অংশ নেবে।

আপনার জেলার সংবাদ পড়তে