দৌলতপুর সীমান্তে সাড়ে ২৬ লক্ষ টাকা মূল্যের মাদক ও চোরাচালানী উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৬, ০৫:২৭ পিএম
দৌলতপুর সীমান্তে সাড়ে ২৬ লক্ষ টাকা মূল্যের মাদক ও চোরাচালানী উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিরলস অভিযান অব্যাহত রেখেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক তিনটি সফল অভিযানে প্রায় (ছাব্বিশ লক্ষ সাতচল্লিশ হাজার পঁচাত্তর) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়েছে।

কাজিপুর বিওপির একটি চৌকষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর বর্ডারপাড়া মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশ্যে মালিকবিহীন অবস্থায় ফেলে রাখা ১১৪ কেজি বাংলাদেশি ভেষজ (অশ্বগন্ধা শিকড়) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভেষজের আনুমানিক সিজার মূল্য(পাঁচ লক্ষ সত্তর হাজার) টাকা।

একই দিন জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জয়পুর মাঠপাড়া নামক স্থানে পরিচালিত অপর একটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৮ বোতল মদ, ০.৯ কেজি গাঁজা, ১৯ বোতল স্কাফ সিরাপ, ১,০০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ২,৮০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১,৮৫০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য (সতেরো লক্ষ সাতচল্লিশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা।

পরদিন ৩০ জুন ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধর্মদাহ মাঠে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৯ বোতল মদ, ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (তিন লক্ষ ঊনত্রিশ হাজার তিনশত পঁচিশ) টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে সর্বদা সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং দিন-রাত নিরবচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে