রিমান্ড শেষে কারাগারে অভিনেতা জাহের আলভী

এফএনএস বিনোদন | প্রকাশ: ৩০ জুন, ২০২৬, ০৭:৩৫ পিএম
রিমান্ড শেষে কারাগারে অভিনেতা জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা মামলার প্রধান আসামি মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে অভিনেতা জাহের আলভী। দুই দিনের রিমান্ড শেষে ছোট পর্দার এই অভিনেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে আলভীর পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী আবজাল হোসাইন মৃধা। তিনি বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষ হওয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের সম্পৃক্ততাও তদন্তে গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি জানান তিনি। মামলার তদন্ত কর্মকর্তা, ডিবির মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক আদালতে আলভীকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, রিমান্ড চলাকালে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্যও মিলেছে বলে দাবি করা হয়। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়। এদিকে একই মামলায় গত ৪ জুন যাহের আলভীর মা নাসরিন সুলতানা আদালতে আত্মসমর্পণ করলে তাকে জামিন দেওয়া হয়। মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবী ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে আফরা ইবনাত ইকরাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। ঘটনার পরদিন ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।