রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত ও ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি ৬৬ লক্ষ ৩০ হাজার ৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণাকালে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে স্মার্ট রাজশাহী বিনির্মাণে প্রকৌশলপত্র তৈরী করা হয়েছে। আর এই প্রকল্প বাস্তবায়ন হলে উন্নত হবে রাজশাহী অঞ্চল।’
মঙ্গলবার (৩০ জুন) বিকালে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিকের) এনেক্স ভবনের সিটি হল রুমে ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত ও ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাসিক আয়োজিত এ সংবাদ সম্মেলনে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে রাসিক প্রশাসক ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লক্ষ ৩০ হাজার ৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত এই বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ সমান ধরা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার দাঁড়িয়েছে ৯৩৪ কোটি ৫২ লক্ষ ৮০ হাজার ৪২৩ টাকা ৪৯ পয়সা। উল্লেখ্য যে, উক্ত অর্থবছরের মূল বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৮০৬ কোটি ৬১ লক্ষ ২১ হাজার ২১১ টাকা ৩৬ পয়সা।
বাজেট বক্তৃতায় প্রশাসক বলেন, আগামী দিনে নাগরিক সুযোগ- সুবিধার প্রতি লক্ষ্য রেখে সম্পূর্ণ বাস্তবতার নিরিখে আয়ের সাথে ব্যয়ের সংগতি রেখে এই নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে। নতুন এ বাজেটে নাগরিকদের কোনো প্রকার কর বৃদ্ধি করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে এই বাজেট সফলভাবে বাস্তবায়িত হবে। এ সময় তিনি রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, আধুনিক, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ, বসবাসযোগ্য ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যম সমাজের আয়না এবং সংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। রাজশাহীর উন্নয়ন, সম্ভাবনা এবং ইতিবাচক অগ্রযাত্রাকে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে সংবাদ পরিবেশনার মাধ্যমে দেশে-বিদেশে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সকলের সহযোগিতায় রাজশাহীর সুনাম, মর্যাদা ও ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে তিনি বিশ্বাস করেন।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।